ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গাবতলীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ চাঁদা নিয়ে ফরিদপুর টার্মিনালের শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে গাবতলী টার্মিনালের শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
এ সংগঠনের আহ্বায়ক এস এম শাহ আলম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাঁদা নিয়ে বাস চলাচল বন্ধ রয়েছে এবং তা ঢাকা থেকেই বন্ধ করা হয়েছে। আমরা বাস ছাড়লেও গাবতলী যেতে পারবো না; তাই ছাড়িনি।"
ফরিদপুর বাস মালিক গ্র"পের সভাপতি আহসানুল হক আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদা নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের এক পর্যায়ে রোববার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ঢাকার গাড়ি বন্ধ ছিলো। বিষয়টি নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার বৈঠকে বসার প্রতিশ্র"তি দেওয়ার পর গাড়ি চলাচল শুরু হয়। তবে সোমবার সকাল থেকে তা আবার বন্ধ রয়েছে।
চাঁদাবাজি বন্ধের দাবিতে রোববার বিকালে গাবতলী ও ফরিদপুর বাসস্ট্যান্ডে শ্রমিকরা পাল্টা-পাল্টি মিছিল করেছে বলেও তিনি জানান।
বাস চলাচল বন্ধ থাকার কথা স্বীকার করে নৌপরিবহনমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হ্যাঁ, ওদের কিছু সমস্যা থাকতে পারে। সেগুলো সমাধানের চেষ্টা চলছে। আশা করছি, বৃহস্পতিবারের বৈঠকে সমস্যার সমাধান হবে।"
তিনি আরো বলেন, "আজ-ই গাড়ি চালু করার জন্য নেতাদের সঙ্গে কথা হয়েছে। লোক পাঠানো হয়েছে দ্রুত গাড়ি ছেড়ে দেওয়ার জন্য।"
ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাসউদ্দিন বলেন, "শ্রমিকদেরকে মারধর ও গাড়ি ভাংচুর করায় এবং নিরাপত্তার অভাব অনুভব করায় তারা গাড়ি চলাচল বন্ধ রেখেছে।"
তিনি বলেন, "ফরিদপুর-খুলনা রুটে মোট তিনটি পয়েন্টে দুটি শ্রমিক সংগঠন অবৈধভাবে চাঁদা আদায় করছে। এর প্রতিকার না হওয়া পর্যন্ত তারা গাড়ি চলাচল বন্ধ রাখবে।"
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের সভাপতি এএসএম আলী খবির চান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা নিরাপত্তার অভাব বোধ করায় গাড়ি চলাচল বন্ধ রেখেছে। যখনই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে তখন থেকেই গাড়ি চলাচল শুরু করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/এজে/১০৫৩ ঘ.
bdnews24