২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিরল প্রজাতির বানর উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় লোকালয়ে এসে একটি বিরল প্রজাতির বানরছানা ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 06:23 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

সিলেট, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর উপজেলায় লোকালয়ে এসে একটি বিরল প্রজাতির বানরছানা ধরা পড়েছে। এটি লজ্জাবতী বানরের ছানা বলে সিলেটের বিভাগীয় বন সংরক্ষক মো. দেলওয়ার হোসেন জানান। গত বৃহম্পতিবার ছানাটি লোকালয়ে এলে স্থানীয়দের হাতে আটক হয়। রোববার সকালে বাংলাদেশ রাইফেলস'র (বিডিআর) সদস্যরা বানরছানাটি সিলেট বিভাগীয় বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ কমিটির কাছে হস্তান্তর করে। ২১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মামুন জানান, জৈন্তাপুরের বন থেকে আসা বানরছানাটি এলাকাবাসী আটক করে। ওইদিনই এই ব্যাটালিয়নের একটি দল ওটা নিয়ে আসে। তিনি বলেন, বানরটি অভুক্ত ছিল। তবে খাবার খাওয়ার পর এটি সতেজ হয়ে ওঠে। পরে এটি বন বিভাগের হেফাজতে দেওয়া হয়। সিলেট বন বিভাগের বিভাগীয় বন সংরক্ষক ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সদস্য সচিব মো. দেলওয়ার হোসেন জানান, বিরল প্রজাতির লজ্জাবতী বানর এটি। এরা চিরসবুজ ও কম বৃষ্টিপাত এলাকায় বাস করে। মাঝেমধ্যে বন-ঝোপ-ঝাড়ে নেমে আসে। অধিকাংশ সময় গাছের মগডালে থাকে। বাংলাদেশে এর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছাড়া বনেও এদের বাস রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বানরটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫২ ঘ.