২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ কর্মসূচির প্রথম দিনে যানজটে অচল ঢাকা

যানজট নিরসনের জন্য ঘোষিত বিশেষ কর্মসূচির প্রথম দিনে প্রচণ্ড যানজট ছিল রাজধানী জুড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যানজট নিরসনের জন্য ঘোষিত বিশেষ কর্মসূচির প্রথম দিনে প্রচণ্ড যানজট ছিল রাজধানী জুড়ে। ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে এনে মহানগর পুলিশ কমিশনার যানজট কমানোর ঘোষণা দিলেও, রোববার এ কার্যক্রমের শুরুর দিনে কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বরং যানজটে প্রায় অচল হয়ে যায় ঢাকা। সকাল থেকেই রাজধানীর প্রায় প্রতিটি রাস্তা ও অলি-গলিতে ছিল প্রচন্ড যানজট। শুক্রবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক যানজট দূর করতে বিশেষ এ কার্যক্রমের ঘোষণা দেন। কার্যক্রম অনুযায়ী নির্দিষ্ট লেইন অনুসরণ করে গাড়ি চালানোর বাধ্যবাধকতা দেওয়া হয়। ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নগরীর সড়কগুলোকে মোট ১৩ টি সেক্টরে ভাগ করে পুলিশের বিভিন্ন বিভাগের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও পুলিশের অপরাধ দমন বিভাগ, সিভিল টিম ও টহল গাড়ির মাধ্যমে পুরো কার্যক্রম তদারকি করা হচ্ছে। এমন উদ্যেগ গ্রহণ করার পরও রোববার দুপুর থেকেই মতিঝিল, কারওয়ান বাজার থেকে মহাখালী পর্যন্ত ভীষণ যানজট ছিল। বিকেল ৫টায় কারওয়ান বাজার এলাকায় আব্দুস সাত্তার নামে এক ব্যবসায়ী জানান, মতিঝিল থেকে কারওয়ান বাজার আসতে তার প্রায় ২ ঘন্টা সময় লেগেছে। এছাড়া নিউমার্কেট থেকে মিরপুর রোড ছিল অবরুদ্ধ। বিজয়স্বরণী মোড় থেকে মিরপুর ১০ নম্বর রোড পর্যন্ত ছিল প্রচণ্ড যানজট। বিকালে অফিস ছুটির পর পুরো রাজধানীল অলি-গলিতে ছড়িয়ে পড়ে এ যানজট। পুরান ঢাকার ব্যবসায়ী আদিল মিয়া জানান, দুপুর থেকেই সদরঘাট এলাকা থেকে বাবুবাজার, নর্থ সাউথ রোড যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। যানজটের অন্যতম কারণ হিসাবে ট্রাফিক আইন মেনে না চলা, নির্ধারিত লেইন মেনে যানবাহন না চালানো এবং রাস্তার অপর্যাপ্ততাকে দায়ী করেন নগর বিশেষজ্ঞরা। ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যানজট নিরসনে পুুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে এক্ষেত্রে সাধারণ মানুষকেও আইন মেনে চলতে হবে।" তিনি জানান, কয়েকদিন পর হয়তো পরিস্থিতির উন্নতি সম্ভব হবে। রোববার রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ায় যানজট আরো বেড়েছে বলেও মত দেন তিনি। তিনি বলেন, "গাড়ীর সংখ্যা না কমানো গেলে অবস্থার খুব বেশি উন্নতি সম্ভব হবে না।" ট্রাফিক কট্রোল রুম অপারেটর জাহিদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশেষ অভিযান সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/২০৪৮ঘ.