সাভার, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
রোববার সাভারের বিশমাইল থেকে নিরিবিলি পর্যন্ত এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের এসব স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এতে নেতৃত্ব দেন সওজ এর কল্যাণপুর উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক) সালমা আক্তার খুকী।
তিনি সাংবাদিকদের জানান, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযানে সওজ'র জায়গা দখল গড়ে তোলা পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে আছে পাকা-আধাপাকা ঘর, দোকানপাট।
সালমা আক্তার জানান, একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও দখলদাররা সরেনি।
উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন- নয়ারহাট সড়ক উপ-বিভাগের প্রকৌশলী মো. মামুনুর রশীদ। এতে সহায়তা করে র্যাব ও পুলিশের সদস্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24