সাভার, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় 'তৈরি পোশাক শিল্পে নৈরাজ্য' সৃষ্টি ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।
তবে লুণ্ঠিত অস্ত্র, ম্যাগজিন, গুলি ও ওয়্যারলেস সেট উদ্ধার করা যায়নি।
শনিবার সকাল থেকে রোববার ভোর পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে রোববার তদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হয়েছেন- এনভয় গ্র"পের সাবেক শ্রমিক আমির হোসেন (৩০), মো. বিপ্লব সরকার (২২), বর্তমান শ্রমিক মো. রানা (২০), মো. আনিছুজ্জামান (৩৪), মো. মোশারফ হোসেন (৪০), আনোয়ার হোসেন ওরফে কামরুল (২০), মো. রাজন হোসেন (২০), মো. মাসুদ রানা (২৪), এনভয় গ্র"পের সাবেক শ্রমিক বর্তমান সেনিটারি মিন্ত্রী মো. রাজু মিয়া (২০) এবং সেড ফ্যাশনের শ্রমিক মো. মনির মিয়া (২০)।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক জানান, সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে গত ৩১ জুলাই আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঢাকার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ইকবাল বাহার, সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন, আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক শাহীন শাহ-পারভেজ এবং তিনি নিজে আহত হন।
তিনি বলেন, "এ সময় 'উছৃঙ্খল শ্রমিকরা' এসপি'র দেহরক্ষী কনস্টেবল রুহুল আমিনের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক শাহীন শাহ পারভেজের কাছ থেকে একটি ওয়ারল্যেস সেট লুট করে।"
ওই রাতেই পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদান এবং পুলিশের গাড়ি ভাংচুরের অভিযোগে আশুলিয়া থানা পুলিশ একটি মামলা (নং-৮৮) দায়ের করে। মামলায় ৬০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো তিন হাজার জনকে আসামি করা হয়। পরে অস্ত্র লুটের ঘটনাটিও এ মামলায় সম্পৃক্ত করা হয়।
পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক আরো জানান, ওই ঘটনার বিভিন্ন ভিডিও ও সিসি টিভির ফুটেজ দেখে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
তবে লুণ্ঠিত অস্ত্র, ম্যাগজিন, গুলি ও ওয়্যারলেস সেট উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
এ ঘটনায় গত বুধবার সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মনোয়ার হোসেনকে প্রধান করে এবং ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আজিজুর রহমান, আশুলিয়া থানার উপ-পরিদর্শক শাহীন শাহ পারভেজ, রফিকুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক ইলিয়াস খানকে নিয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৯ ঘ.
bdnews24