ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বন্টন নিয়ে আগামী বছর ভারতের সঙ্গে একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষর সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
মন্ত্রী জানান, এ জন্য দুই দেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) আরো বৈঠকে মিলিত হবে।
দীর্ঘ পাঁচ বছর পর গত মার্চে জেআরসি'র মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দীপু মনি বলেন, "ভবিষ্যতে আমরা জেআরসি'র আরো দুই থেকে তিনটি বৈঠকে করব। আশা করছি আগামী বছর তিস্তার পানি বন্টন নিয়ে আমরা একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছতে পারব।"
তিনি জানান, অন্তর্বর্তী এই চুক্তি স্বাক্ষরের আগে তিস্তার প্রবাহের ওপর আরো অনেক তথ্য প্রয়োজন। বাংলাদেশের অন্যতম শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত বৃহত্তর রংপুর জেলার কয়েক হাজার হেক্টর কৃষি জমি তিস্তার ওপর নির্ভরশীল।
নব্বুইয়ের দশকে তিস্তার উজানে গজলডোবায় একটি বাঁধের কারণে বাংলাদেশের ওই অঞ্চলে শুকনো মৌসুমে প্রতিবছর মারাত্মক পানি ঘাটতি দেখা দেয়।
বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পটি তিস্তা নদীর ওপর নির্ভরশীল।
বাংলাদেশ সত্তরের দশক থেকে তিস্তার পানি বন্টন নিয়ে একটি চুক্তির দাবি জানিয়ে আসছে তবে ভারত অতীতে কখনোই এ ব্যাপারে আলোচনায় বসতে রাজি হয় নি।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিস্তা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আলোচনার ব্যাপারে সম্মত হয় ভারত।
গত মার্চে অনুষ্ঠিত জেআরসি'র বৈঠকে উভয় দেশের পানি সম্পদমন্ত্রী তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হন।
বাংলাদেশ ও ভারতের ৫৪টি যৌথ নদীর মধ্যে গঙ্গার পানি বন্টন নিয়ে ১৯৭৭ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া আর কোনো নদীর ব্যাপারে দু'দেশের মধ্যে কেনো চুক্তি নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এইচএ/২০৪৫ ঘ.
bdnews24