২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রলীগে গোলাগুলি, সম্পাদক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির রাবি শাখা সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুকে পুলিশ আটক করেছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 05:43 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির রাবি শাখা সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুকে পুলিশ আটক করেছে। (আরো তথ্যসহ-১) আধিপত্য বিস্তার নিয়ে শনিবার দুপুরে ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির জয় ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুর পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত ১০ জন আহত হয়। দুপুর আড়াইটা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। আহতদের মধ্যে রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিব গুলিবিদ্ধ হয় বলে পুলিশ জানায়। অপর আহত হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র তানিম, ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের আবদুল আজিজ, ইসলামের ইতিহাস বিভাগের ফারদীন হলেন অপুর সমর্থক। এছাড়া সভাপতির সমর্থক আহতরা হলেন- সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের মেহেদী হাসান, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের মনির হোসেন, নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের দেলোয়ার হোসেন ডিলস, দ্বিতীয় বর্ষের নাহিদ হোসেন, ব্যবস্থাপনার দ্বিতীয় বর্ষের সালাম ও শরীফ। তাদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজপাড়া থানার উপ-পরিদর্শক খান মো. শাহরিয়ার বলেন, বিকেল সাড়ে ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত কর্মীদের দেখতে গেলে রাজপাড়া থানা পুলিশ অপুকে আটক করে। পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের নির্দেশে তাকে আটক করা হয়। তিনি থানায় পুলিশ হেফাজতে আছেন। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান। মহানগর পুলিশের (পূর্ব) উপ-কমিশনার (ডিসি) প্রলয় চিসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির অভিযোগে তাকে (অপু) আটক করা হয়েছে। অভিযান এখনো চলছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে সভাপতির অনুসারী মিন্টুর সাথে সম্পাদকের অনুসারী সোনীর কথাকাটাকাটির এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে হাতাহাতি হলে উভয় পক্ষের নেতাকর্মীরা মীমাংসা করে দেন। কিন্তু বেলা আড়াইটার দিকে সভাপতির অনুসারীরা আবার প্রতিপক্ষের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ৮/১০ রাউন্ড গুলি বিনিময় হয়। এদিকে ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলে নিষেধাজ্ঞার কথা জানিয়ে বিকালে প্রক্টর অফিসের পক্ষ থেকে মাইকিং করা হয়। এতে শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে আবাসিক হলে ফিরতে বলা হয়। প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অস্ত্র নিয়ে যাতে কেউ বের হতে বা ঢুকতে না পারে সেজন্য ক্যাম্পাসের বিভিন্ন ফটকে তল্লাশি চালানো হচ্ছে। এ ব্যাপারে ছাত্রলীগ রাবি শাখা সভাপতি আওয়াল কবির জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণ সম্পাদক আমার কর্মীদের তার সমর্থকদের হামলার নির্দেশ দিলে তার (জয়) কর্মীরা মারধর করে। সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বলেন, সভাপতি ও তার সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/ডিডি/২১০০ ঘ.