চট্টগ্রাম, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ু দূষণ রোধে ২০ থেকে ২৫ বছরের পুরোনো গাড়ির লাইসেন্স নবায়নে অতিরিক্ত ফি আরোপ করা হবে।
শনিবার নগরীর একটি হোটেলে 'পরিবেশ বান্ধব জ্বালানী ও যানবাহন' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ এ কথা বলেন।
ডিজেল চালিত যানবাহনের কারণে সৃষ্ট বায়ু দূষণ ও মানব দেহে এর ক্ষতিকর প্রভাব হ্রাস সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়নে দ্বিতীয় জাতীয় এ কর্মশালার আয়োজন করা হয়।
এ কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞরা বিভিন্ন সেশনে মোট ছয়টি প্রবন্ধ উপস্থাপন করেন।
কর্মশালায় আইন মেনে শিপ ব্রেকিং শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়ে সাংসদ গিয়াস উদ্দিন বলেন, "সীতাকুন্ডে এক রাতে কয়েক হাজার গাছ কাটা হয়েছে। এরা হলো বনদস্যু।"
তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি), পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম, বুয়েট এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. নুরুদ্দিন আহমেদ, ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল আলমসহ প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, "দেশের বড় শহরগুলোর বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ যান্ত্রিক যানবাহনে ব্যবহৃত জ্বালানি। যানবাহনে উচ্চ মাত্রার সালফারযুক্ত ডিজেল ব্যবহারের ফলে বাতাস মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে করে অ্যাজমাসহ ফুসফুসের নানা রোগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।"
বর্তমানে বাংলাদেশে ডিজেলে ব্যবহৃত সালফারের পরিমাণ ২৫০০ পার্টস পার মিলিয়ন (পিপিএম)। কমর্শালায় সালফারের মান মধ্য মেয়াদে ৫০০ পিপিএম এবং দীর্ঘ মেয়াদে ৫০ পিপিএম এ হ্রাস করার পদ্ধতি নিয়েও সভায় আলোচনা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এসএএ/এমইএস/১৯২০ঘ.
bdnews24