ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীতে সোনিয়া রিনভী (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে শেরে বাংলানগর হৃদরোগ ইনস্টিটিউটের জরুরী বিভাগ থেকে রিনভীর লাশ উদ্ধার করে পুলিশ।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো: আজিম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে অজ্ঞাত কয়েকজন রিনভীকে হুদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় অজ্ঞাত লোকেরা তাকে রেখে পালিয়ে যায়।
তিনি আরো জানান, হাসপাতালের ভর্তির কাগজপত্র থেকে মৃত গৃহবধূর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সেখানে স্বামীর নাম মো: জুবায়ের বলে উল্লেখ রয়েছে।
পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
রিনভীর মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
নিহত রিনভীর আত্মীয়-স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান উপপরিদর্শক আজিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/১৯১৭ঘ.
bdnews24