ফেনী, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক পাচারের অভিযোগে ফেনীতে শুক্রবার রাতে ফেন্সিডিলসহ বাংলাদেশ রাইফেলস'র (বিডিআর) সাত সদস্যকে আটক করেছে জনতা।
আটকৃতরা হলেন- ফেনী ১৯ রাইফেল ব্যাটালিয়নের নায়েব সুবেদার খুরিশদ আলম, হাবিলদার আমির হোসেন, লিয়াকত হোসেন, ল্যান্সনায়েক জামাল উদ্দিন, মো. লাভলু, সিপাহী জাহিদ ও মামুন।
তবে বিডিআর সদস্যরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, "তারা সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়েছিলেন। পরিত্যক্ত অবস্থায় ৫৮ বোতল ফেনন্সিডিল উদ্ধার করা হয়েছে।"
শনিবার ফেনী থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, শুক্রবার রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের গীতাবাড়ীয়া সীমান্তে এলাকাবাসী তাদের ৫৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে জনতার কাছ থেকে উদ্ধার করা হয়। আটক ফেন্সিডিলগুলো জব্দ করা হয়েছে।"
এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে বিডিআর সদস্যরা সীমান্ত এলাকায় 'কারফিউ' দিয়ে লোকজনের চলাচলে বাধা সৃষ্টি করছে।
ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হক আরজু অভিযোগ করেন, বিডিআর সদস্যরা মাদক পাচারের সঙ্গে জড়িত।
১৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গাজী মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, "এ মুহূর্তে সীমান্তে কারফিউ নেই। তবে বিশেষ সতর্কতা রয়েছে।"
তিনি জানান, বিডিআর'র কোনো সদস্য মাদক পাচারে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমইউএস/১৮৫৫ঘ.
bdnews24