২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাকচালক ও তার সহকারীর লাশ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি সেতুর কাছ থেকে এক ট্রাক চালক ও তার সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 11:36 AM

Updated : 25 Aug 2022, 05:45 PM

মানিকগঞ্জ, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি সেতুর কাছ থেকে এক ট্রাক চালক ও তার সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- ট্রাক চালক জয়নাল আবেদীন (৪০) ও ট্রাকের সহকারী রাসেল (২৮)। জয়নাল সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের আবু জাফরের ছেলে। রাসেল ঢাকার মিরপুরের কালসী কবরস্থান এলাকার আবদুল কাদেরের ছেলে। শনিবার সকালে স্থানীয় লোকজন উপজেলার বালিয়াখোড়া গ্রামের একটি সেতুর কাছে তাদের ভাসমান লাশ দেখতে পায়। ঘিওর থানায় ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য তাদের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, "লাশের গলায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।" নিহত জয়নালের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন জানান, গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তারা ট্রাকে পাথর নিয়ে সাতক্ষীরা বন্দর থেকে নারায়নগঞ্জের কাঁচপুরের উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হয়। শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার কালামপুর নামক স্থানে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানান তিনি। জাহাঙ্গীর হোসেন বলেন, "কিন্তু জয়নাল ও রাসেলের কোনো খোঁজ না পাওয়ায় ওইদিন রাতেই ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরী করি।" তিনি জানান, আজ (শনিবার) সকালে টিভি সংবাদে মানিকগঞ্জে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধারের খবর পেয়ে সদর হাসপাতাল মর্গে এসে জয়নাল ও রাসেলের লাশ সনাক্ত করেন। এসআই লুৎফর রহমান জানান, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/১৭৩৩ ঘ.