সিলেট, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তিয়া ডিগ্রি কলেজে দু'দল ছাত্রের মধ্যে শনিবার দুপুরে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশংকাজনক। তারা হলেন- দ্বাদশ শ্রেণীর ছাত্র রুবেল আহমদ মন্টি ও ইমরান আহমদ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র ও এলাকাবাসী সিলেট-তামাবিল সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে।
জৈন্তিয়া কলেজের অধ্যক্ষ গোলাম রহমান খান জানান, সংঘর্ষের পর রোববার একদিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, "কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিসহ এলাকাবাসী সালিশে বসে বিষয়টি মিমাংসার চেষ্টা করছেন।"
জৈন্তাপুর থানার ওসি গোলক চন্দ্র বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সোমবার ক্লাসে প্রথম সারিতে বসা নিয়ে জৈন্তা ও দরবস্থ এলাকার কয়েকজন ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনার রেশ ধরে শনিবার দুপুর ১১টার দিকে দরবস্থ এলাকার ছাত্ররা ২০-৩০ জন বহিরাগতকে নিয়ে কলেজে ঢুকে জৈন্তা এলাকার ছাত্রদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র, রামদা, ইট পাটকেল, লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে পুলিশ ও এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের পর জৈন্তা এলাকার ছাত্র ও এলাকাবাসী হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রায় এক ঘন্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের গাড়ি অবরোধের মুখে পড়ে।
এক পর্যায়ে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ওসি গোলক চন্দ্র জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। জৈন্তিয়া কলেজ ও জৈন্তা বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৬২৫ ঘ.
bdnews24