ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রের প্রতি 'প্রচ্ছন্ন হুমকির' অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জে ১৪টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
শুক্রবার এসব জিডি করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতা ও সমর্থকরা।
আগেরদিন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন 'যথাসময়ে সরকারের বিরুদ্ধে রিজার্ভ ফোর্স প্রয়োগ করা হবে'- জামায়াত নেতা তাহেরের এমন বক্তব্য রাষ্ট্র, জনগণ এবং আইনের শাসনের প্রতি 'প্রচ্ছন্ন হুমকি'।
তিনি এই ঘটনায় সারাদেশের প্রতিটি থানায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাধারণ ডায়েরি করে রাখার অনুরোধ জানান।
প্রতিমন্ত্রী বলেছেন, বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা মওদুদ আহমদের উপস্থিতিতে এক আলোচনা অনুষ্ঠানে জামায়াত নেতা তাহের বলেন, "আমরা রাষ্ট্র অচল করে দেওয়ার সামর্থ্য রাখি। কিন্তু কৌশলগত কারণে তা করছি না। আমাদের শক্তি আছে এবং আরো শক্তি সঞ্চয় করছি। যথাসময়ে রাষ্ট্র এবং বিশেষ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা: জামায়াত নেতা তাহেরের বিরুদ্ধে চকবাজার থানায় একটি, কামরাঙ্গীরচর থানায় একটি, দক্ষিণকেরানীগঞ্জে তিনটি ও কেরানীগঞ্জ মডেল থানায় সাতটি জিডি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আসাদুজ্জামান, কামরাঙ্গীরচর থানার ওসি শফিকুর রহমান, চকবাজার থানার ওসি মো. আলী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামায়াত নেতা তাহের রাষ্ট্রের বিরুদ্ধে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন বলে ওইসব জিডিতে অভিযোগ করা হয়েছে।
বগুড়া: তাহেরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জিডি করেছেন বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট লুৎফে গালিব আল জাহিদ মৃদুল। দুপুর আড়াইটার দিকে তিনি থানায় জিডি করেন বলে ওসি মো. খালেকুজ্জামান জানিয়েছেন।
গোপালগঞ্জ: কোটালীপাড়া থানায় জিডি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর। সন্ধ্যায় তিনি জিডি দায়ের করেন বলে জানিয়েছেন থানার ওসি ফেরদাউস ফয়সাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৫ ঘ.
bdnews24