২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা

খেলার মাঠের দখল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুটি গ্রামের লোকজনের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 05:39 PM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলার মাঠের দখল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুটি গ্রামের লোকজনের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। বৃহস্পতিবার উপজেলার পাঘাচং ও চানপুর গ্রামের লোকজনের মধ্যে প্রায় ছয় ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। ওই সময় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিলো। ঘটনার পর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতালেব বাদি হয়ে একটি মামলা করেছেন। মামলায় পাঘাচং ও চাঁনপুর গ্রামের ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুই থেকে তিন হাজার লোককে আসামি করা হয়েছে বলে ওসি মো. হামিদুল ইসলাম জানিয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, সংঘর্ষের ঘটনায় আটককৃত ১২ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। গত বুধবারও দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। দুদিনের সংঘর্ষে পুলিশ সহ শতাধিক লোক আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.