২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ৬ খুনিকে ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করা হবে: সাহারা

বঙ্গবন্ধুর ছয় পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 05:40 PM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধুর ছয় পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস স্মরণে স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, একটি চক্র বাংলাদেশে খুন ও সন্ত্রাসের রাজনীতিকে বরাবর পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ১৯৭৫ সালে এরা বঙ্গবন্ধু হত্যায় নানাভাবে সমর্থন যোগায়। পরবর্তীতে খুনিদের বিদেশে বিভিন্ন কূটনৈতিক মিশনে নিয়োগ দিয়ে তাদের পুরস্কৃত করে এবং নানাভাবে তাদের রক্ষার চেষ্টা চালায়। খুনিদের রক্ষায় 'এই চক্রটির' চেষ্টা এখনো অব্যাহত রয়েছে দাবি করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, এদের বাধা সত্ত্বেও ইতিহাসের নারকীয় এ খুনের বিচার হয়েছে। আদালতের রায়ও আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে। বিদেশে পলাতক ৬ খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে সুলভে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সাহারা আলোচনা সভায় সমবেত হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রতি আহবান জানান। বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সভাপতি ডা. দিলীপ কুমার রায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সালান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এইচএ/১৯৪৮ ঘ.