সাভার, অগাষ্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেছেন, ভূমিদস্যুদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
এ ছাড়া দেশের সকল ভূমিহীন পরিবারকে পর্যায়ক্রমে পূণর্বাসন করা হবে।
শুক্রবার দুপুরে ঢাকার ধামরাইয়ে হাজীপুর গুচ্ছগ্রাম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ, ন্যাশনাল প্রজেক্টের পরিচালক হাসান ইমাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফরিদুর রহমান।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সাকু, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মোহাদ্দেস হোসেন প্রমূখ।
ধামরাইয়ে হাজীপুর বংশী নদীর পাশে ২ দশমিক ২০ একর জমিতে সরকার ৪০টি ভূমিহীন পরিবারের জন্য ৫২ লাখ ৮২ হাজার ২৩৩ টাকা ব্যয়ে হাজীপুর গুচ্ছগ্রাম নির্মাণ করেছে।
দুপুরে ভূমিমন্ত্রী ওই ৪০টি ভূমিহীন পরিবারের প্রত্যেককে পৌনে তিন শতাংশ পরিমান জমি, ঘরের কগজপত্র ও চাবি তাদের হাতে তুলে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৫২ ঘ.
bdnews24