২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র লুট: আশুলিয়ায় দুই পোশাক শ্রমিক গ্রেপ্তার

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘষের্র সময় অস্ত্র লুটের ঘটনায় দুই পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 10:38 AM

Updated : 25 Aug 2022, 05:41 PM

সাভার, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘষের্র সময় অস্ত্র লুটের ঘটনায় দুই পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত পোশাক শ্রমিক বিপ্লব (২২) পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অস্ত্র লুটের সময় সে ঘটনাস্থলে উপস্থিত ছিল। ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, সরকার ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান এবং নূন্যতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে গত ৩১ জুলাই আশুলিয়া শিল্পাঞ্চলে উচ্ছৃঙ্খল শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। তিনি বলেন, "সংঘর্ষ চলাকালে জামগড়া এলাকায় শ্রমিকদের হামলায় তিনি এবং ঢাকার পুলিশ সুপার (এসপি) ইকবাল বাহার, সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ার হোসেন, আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) শাহীন শাহ-পারভেজ গুরুতর আহত হন।" এ সময় উচ্ছৃঙ্খল শ্রমিকরা এসপির দেহরক্ষী কনস্টেবল রুহুল আমিনের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, দুটি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি ও আশুলিয়া থানার এসআই শাহীন শাহ-পারভেজের কাছ থেকে একটি ওয়ারলেস সেট ছিনিয়ে নেয়। ওই দিনগত রাতেই আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দান, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩০৬০ জনকে আসামি করে একটি মামলা করেন। আসামিদের মধ্যে ৬০ জনের নাম উল্লেখ ও ৩০০০ জনকে অজ্ঞাত বলে উল্লেখ করা হয়। পরে অস্ত্র লুটের ঘটনাটি এ মামলার সঙ্গে যুক্ত করা হয়। মোজাম্মেল হক জানান, অস্ত্র লুটের ঘটনায় গত বুধবার রাতে সাভার সার্কেলের এএসপি মনোয়ার হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান, আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন শাহ-পারভেজ, রফিকুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস খান। তিনি আরো জানান, তদন্ত কমিটির সদস্যরা লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৩৮ ঘ.