২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পোশাক শিল্পে বিশৃঙ্খলায় যুদ্ধাপরাধীদের মিত্ররা জড়িত'

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় তাদের মিত্ররা গার্মেন্টস খাতে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 06:41 PM

Updated : 25 Aug 2022, 05:35 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় তাদের মিত্ররা গার্মেন্টস খাতে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ'র একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সন্দেহের কথা জানান। সাহারা বলেন, "দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, তখনি কেন এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে? সরকারের বিরুদ্ধে তারা কর্মী বাহিনী লেলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এরা কারা?" বুধবার জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঢাকায় এক অনুষ্ঠানে সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, যথাসময়ে সরকারের বিরুদ্ধে রিজার্ভ ফোর্স প্রয়োগ করা হবে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত তার এই বক্তব্যের উদ্ধৃতি টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যারা এ ধরনের কথা বলেন, তারা আপনার-আমার পাশে ঘাপটি মেরে আছে। এদের ধরিয়ে দিন।" সাহারা আরো বলেন, আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের বিশৃঙ্খলায় বাইরের লোক জড়িত ছিল। তারাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। এরপরও যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন রমজান মাসে সব ধরনের বিশৃঙ্খলা থেকে বিরত থাকতে শ্রমিকদের আহ্বান জানান তিনি। বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদী জানান, রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ব্যবস্থা ও গার্মেন্টস শিল্প এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আরো বাড়াতে মন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সানজিদা খানম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/২৩৫৬ ঘ.