২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 05:07 PM

Updated : 25 Aug 2022, 05:35 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর উত্তরায় এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উত্তরা ৩ নম্বর সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নুরুল হক (৪০) নামের এই ব্যবসায়ীর বাম উরুতে গুলি লেগেছে। তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত আর আর মানি এক্সচেঞ্জ এর স্বত্ত্বাধিকারী। উত্তরা থানার ওসি খোন্দকার রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে নুরুল হক দক্ষিণ খানের বাসা থেকে রিকশায় করে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। তিন নম্বর সেক্টর এলাকায় আসার পর মটরসাইকেলে করে দুই ছিনতাইকারী এসে তার রিকশা থামায় এবং অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তাকে গুলি করে টাকা ছিনিয়ে নেয়। ওসি জানান, তার ব্যাগে ২৫ লাখ টাকা ছিলো বলে ওই ব্যবসায়ী জানিয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এসএইচএ/এমএসবি/২২৪৭ ঘ.