রংপুর, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাস থেকে নামিয়ে দেওয়াকে কেন্দ্র করে রংপুরের পীরগাছায় ছাত্রদের সঙ্গে মটর শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
এ সময় ছাত্ররা কমপক্ষে ১০টি বাস ভাংচুর করেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পীরগাছা উপজেলা সদরে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছে পাঁচ পুলিশসহ অন্তত ৫০ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পীরগাছা স্কুলের শিক্ষক রুহুল আমিন, ছাত্র নয়ন ও শাহীন মিনিবাসে করে পীরগাছা উপজেলা সদরে আসছিলেন।
ভাড়া আদায় নিয়ে বাসচালকের সহকারীর সঙ্গে শিক্ষকের কথা কাটাকাটি হয়। এর প্রতিবাদ করে ছাত্ররা। এতে ক্ষিপ্ত হয়ে তাদের বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয় বাসচালকের সহকারী।
ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়ায় আহত হয় তারা। পরে তাদের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
এ খবর পেয়ে পীরগাছা কলেজ ও স্কুলের ছাত্ররা মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে ছুটে যায়।
এ সময় মটর শ্রমিকরা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
প্রায় আড়াই ঘণ্টার এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষের থামাতে গিয়ে পীরগাছা থানাও ওসিসহ পাঁচ পুলিশও আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর থেকে দাঙ্গা পুলিশ তলব করা হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে স্কুলছাত্র আল আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, পরিস্থিতি এখন শান্ত।
ওসি আসলাম ইকবাল জানান, ঘটনার পর রংপুরের সঙ্গে পীরগাছা উপজেলার সব যান চলাচল বন্ধ রয়েছে। সদরে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24