ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে ফিজিওথেরাপি কলেজ নির্মাণের জন্য সাততলা বস্তিতে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালায় জনস্বাস্থ্য অধিদপ্তর।
৫ দশমিক ২৮ একর জমির উপর ফিজিওথেরাপি কলেজ নির্মাণে ব্যয় হবে ২০ কোটি টাকা।
এ উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট ছিলেন জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী সচিব শফিকুজ্জামান। তার নেতৃত্বে উচ্ছেদ অভিযান বেলা ১২ টায় শুরু করার চেষ্টা করলেও বস্তিবাসীর প্রতিবাদের কারণে শুরু হয় দুপুর ২টায়।
বস্তিবাসীর দাবী, পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে তারা বস্তি ত্যাগ করবে না।
বস্তিবাসীদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের আগে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি কিংবা কোনো মাইকিং করা হয়নি। ঘরের জিনিসপত্র সরিয়ে নেওয়ারও সময় পায়নি তারা।
বস্তির চায়ের দোকানি নীল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করছে। সামনে তাদের পরীক্ষা, তারা কীভাবে পড়াশোনা করবে। এ সব বিষয় না দেখেই বস্তি উচ্ছেদ করা হচ্ছে।"
তিনি আরো বলেন, "আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে আমরা এখান থেকে কোথাও যাবো না।"
এনজিওকর্মী বস্তিবাসী স্বপ্না রানী বলেন, বুধবার জনস্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা বস্তিতে বসবাসকারী জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারীদের হুমকি দেন- বস্তি ছেড়ে না গেলে চাকরিচ্যুত করা হবে। বস্তিবাসীদের চলে যাওয়ার কথা জানিয়ে দেওয়ার জন্য তাদেরকেই বলেন অধিদপ্তরের কর্মকর্তারা।
স্বপ্না রানী বলেন, বহুদিন ধরেই হাইকোর্টে এই বস্তির জায়গা নিয়ে জনস্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বস্তিবাসীদের মামলা চলছে। ৫ মাস আগে এক শুনানিতে মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত বস্তি উচ্ছেদ করা যাবে না বলে নির্দেশ দেয় আদালত।
তিনি আরও বলেন, পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে বস্তিবাসীদের কেউই এখান থেকে যাবে না।
জনস্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আবুল হাসনাত এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের প্রথম ফিজিওথেরাপি কলেজ হবে এখানে। কলেজটি নির্মাণে এ জায়গার প্রয়োজন।
তিনি বলেন, অনেক দিন ধরেই বস্তিবাসীদের নোটিশ দেওয়া হচ্ছে। তারা সরকারি জায়গা দখল করে আছে।
ম্যজিস্ট্রেট শফিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকল আইনি প্রক্রিয়া মেনেই নির্দিষ্ট সময়ে বস্তি উচ্ছেদ করা হচ্ছে।
মামলা প্রসঙ্গে তিনি বলেন, "আমরা বস্তির যে অংশ উচ্ছেদ করছি তা নিয়ে কোনো মামলা নেই। তাই এ বিষয়ে কোনো কথা বলবো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এলএন/জেবি/এইচএ/২০০৯ ঘ.
bdnews24