২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ খাল দখলমুক্ত করতে ওয়াসাকে নির্দেশ

রাজধানীর চারপাশের ২৬টি খালের মধ্যে পাঁচটি খালকে অবৈধ দখলমুক্ত করতে তিন সপ্তাহের মধ্যে উচ্ছেদ অভিযান চালাতে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটিকে (ওয়াসা) নির্দেশ দিয়েছে সরকার। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 05:36 PM

ঢাকা, ০৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চারপাশের ২৬টি খালের মধ্যে পাঁচটি খালকে অবৈধ দখলমুক্ত করতে তিন সপ্তাহের মধ্যে উচ্ছেদ অভিযান চালাতে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটিকে (ওয়াসা) নির্দেশ দিয়েছে সরকার। খালগুলো হলো- কাটাসুর খাল, শ্যামপুর খাল, কল্যাণপুর (ক) খাল, হাজারিবাগ ও রামচন্দ্রপুর খাল। বৃহস্পতিবার নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত টাস্কফোর্সের অষ্টম সভা শেষে নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, রাজধানীর যানজট কমাতে সরকার এ মাসের মধ্যেই ওয়াটার বাসও চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীকে ঘিরে বৃত্তাকার নৌ-পথ গড়ে তুলতে ১৩টি সেতু ভেঙ্গে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত থেকেও সরে এসেছে নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত টাস্কফোর্স। সেতুগুলোর নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল হবে বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে করণীয় নির্ধারণে নৌ-পরিবহণ, যোগাযোগ, পানিসম্পদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে টাস্কফোর্সের কাছে একটি প্রতিবদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শাজাহান খান। এরআগে সার্কুলার নৌ-পথ গড়ে তোলা এবং নৌ-পথে যাত্রী পরিবহণের মাধ্যমে যানজট নিরসনে ওয়াটার বাসসহ বিভিন্ন ধরনের নৌ-যান চালুর সিদ্ধান্ত নেয় টাস্কফোর্স। এ পরিকল্পনা বাস্তবায়নে ঢাকার বিভিন্ন নদীর ওপর নির্মিত ১৩টি সেতুকে অন্যতম বাধা হিসাবে চিহ্নিত করে সেতুগুলো ভেঙ্গে ফেলারও নির্দেশ দেওয়া হয়। সেতুগুলো হলো- মিরপুর-গাবতলী বেইলী সেতু (তুরাগ নদীর ওপর), আশুলিয়া সেতু (আব্দুল্লাহপুর-ইপিজেড রাস্তার ওপর), ধউর-২ সেতু (টঙ্গী খালের ওপর নির্মাণাধীন), প্রত্যাশা/নইনিচালা বেইলী সেতু, কামারপাড়া সেতু, টঙ্গী রোডের পূর্ব ও পশ্চিম প্রান্তের দু'টি সেতু, টঙ্গী রেল সেতু-১ (পশ্চিম), টঙ্গী রেল সেতু-২ (পূর্ব), বালু নদীর ওপর নির্মাণাধীন ত্রিমুখ-রূপগঞ্জ সেতু, ইছাপুর বেইলী সেতু, কায়েতপাড়া সেতু এবং ডেমরা সেতু। টাস্কফোর্সের সভায় বলা হয়, এসব সেতু নির্মাণের সময় নিয়ম অনুযায়ী পানি থেকে সেতুর তলার দূরত্ব ৭.৬২ মিটার এবং অনুভূমিকভাবে ৩০.৪৮ মিটার রাখার কথা থাকলেও তা মানা হয়নি। এসব সেতু ভেঙ্গে ফেলার বিষয়ে সভায় আলোচনা হয়েছে জানিয়ে নৌ-পরিবহনমন্ত্রী বলেন, ১৩টি সেতু ভেঙ্গে ফেলা এবং নতুন করে নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল। তাই এসব সেতু না ভেঙ্গে বিকল্প কোনো ব্যবস্থায় সমস্যার সমাধান করা যায় কিনা, তা খতিয়ে দেখতে চার সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাংসদ সানজিদা খানম, নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আবদুল মালেক মিয়া, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সভাপতি আবু নাসের খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২০৫৩ ঘ.