রাজশাহী, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহীর বাগমারা উপজেলায় বরখাস্তকৃত এক কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম শেখ মো. আলমগীর। তার বাড়ি রাজশাহী নগরের উপশহর এলাকায়।
পুলিশ জানায়, বুধবার রাত দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে বুধবার বিকালে মামলাটি করেন উপজেলার কসবা এলাকার আব্দুল করিম।
সারে ভেজাল মেশানোর অভিযোগে গত ১১ জুলাই আলমগীরকে বরখাস্ত করা হয়।
বাগমারা থানার ওসি হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৯ জুলাই ভর্তুকি সারে ভেজাল মেশানোর সময় বাগমারা উপজেলা কৃষি অফিসের পিয়নসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের স্বীকারক্তি অনুযায়ী আলমগীরসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সে মামলায় তিনি পলাতক ছিলেন।
প্রতারণা মামলার অভিযোগে বলা হয়, আলমগীর গত জুলাই মাসে কম দামে সার দেওয়ার কথা বলে বাদি করিমের কাছ থেকে ৭৭ হাজার পাঁচশ টাকা নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি হারুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৪০৫ ঘ.
bdnews24