২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় সংঘর্ষে ৪০ জন আহত

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুঁটিমারি গ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 04:57 AM

Updated : 25 Aug 2022, 05:38 PM

ঝিনাইদহ, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুঁটিমারি গ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এ সংঘাত হয়। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ২৪ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুজনকে খুলনায় পাঠানো হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তার নিয়ে পুঁটিমারি গ্রামের আবু বকর ও সরোয়ার হোসেনের মধ্যে বিরোধ চলছিলো। এর জের ধরে মঙ্গলবার সরোয়ারের সমর্থকরা আবু বকরের সমর্থক আনোয়ার হোসেনকে পিটিয়ে আহত করে। তিনি বলেন, বুধবার সকালে আবু বকরের লোকেরা সরোয়ার সমর্থক রেজাউলকে পিটিয়ে আহত করে। পাল্টাপাল্টি এ হামলায় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওসি বলেন, সন্ধ্যায় উভয় পক্ষের প্রায় পাঁচশ' লোক ঢাল, ফালা, সড়কি ও রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে সারা গ্রামে। রাত ১০টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে চলা এ সংঘর্ষে দুপক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়। তিনি জানান, আহতদের মধ্যে আলতাফ, মনসুর, দুলাল, সুজন, স্বপন, বেল্লাল (১), বেল্লাল (২), লাবু, সিদ্দিকসহ ২৬ জনকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় আলতাফ ও মনসুরকে খুলনা পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৫২ ঘ.