২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাঙ্গনে বিএনপির বিক্ষোভ বিকালে

প্রধানমন্ত্রীর এক বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং দুদফা দাবি আদায়ে বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করবে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 03:52 AM

Updated : 25 Aug 2022, 05:38 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর এক বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং দুদফা দাবি আদায়ে বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করবে প্রধান বিরোধী দল বিএনপি। বিকাল ৪টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। দাবি দুটি হচ্ছে- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দায়ের 'মিথ্যা মামলা' প্রত্যাহার এবং কারাবন্দি মির্জা আব্বাসসহ অন্য নেতাদের মুক্তি। গত ৩ আগস্ট এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে ১ আগস্ট কৃষক লীগের এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, "আর দুর্নীতি করবেন না, নাকে খত দিয়ে অঙ্গীকার করুন।" প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদ বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে জানিয়েছেন। বৃহস্পতিবারের কর্মসূচি সম্পর্কে বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকালে এ সমাবেশের মাধ্যমে বিএনপি প্রধানমন্ত্রীর রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের প্রতিবাদ জানাবে। আমরা নেতাদের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিও জানাবো।" যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মহানগরে যুবদলের সব ইউনিট থেকে সমাবেশে অংশ নেওয়ার আহবান জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/০৯৪০ ঘ.