গাজীপুর, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের জয়দেবপুর মধ্য বাজারে স্বর্ণপট্টির জুয়েলারিসহ দু'টি দোকানে চুরি হয়েছে।
ওই দু'টি দোকান থেকে দুর্বৃত্তরা দুইশ' ভরি স্বর্ণালঙ্কার ও নগদ তিন লক্ষাধিক টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
মঙ্গলবার রাতে 'সৌরভ জুয়েলারি' ও 'মতি জেনারেল স্টোর' থেকে এসব মালামাল লুট করে। বুধবার সকালে এই চুরির ঘটনা জানা যায়।
সৌরভ জুয়েলারির মালিক কার্ত্তিক চন্দ্র কর্মকার জানান, সোমবার রাত ৮টার পর দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। মঙ্গলবার ছিল মার্কের্টের সাপ্তাহিক ছুটির দিন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দোকান খুলে তিনি দোকানের আসবাবপত্র এলোমেলো ও তিনটি সিন্ধুকের তালা ভাঙা দেখতে পান। সিন্ধুক ও শো-কেসে রাখা নগদ দুই লাখ ৮০ হাজার টাকা, ২শ' ভরি স্বর্ণের ও ৫০ ভরি রূপার গহনা চুরি হয়েছে।
তিনি জানান, তার দোকানের শাটার ও তালা আটকানো ছিল। কিন্তু পাশের মতি জেনারেল স্টোরের শাটারের তালা ভেঙে দুর্বৃত্তরা ওই দোকানের ভেতরে ঢোকে। তারপর দুই দোকানের মধ্যের দেওয়াল ভেঙে জুয়েলারি দোকানে যায়।
মতি জেনারেল স্টোরের মালিক সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তাদের ক্যাশ বাক্স থেকে নগদ ৫০ হাজার টাকা, আট লাখ টাকার সঞ্চয়পত্র ও কিছু মূল্যবান কাগজপত্র ও মালামাল নিয়ে যায়।
জয়দেবপুর থানা পুলিশ সকালে ঘটনাস্থল থেকে একটি শাবল, রড, আটটি বড় স্ক্রু ড্রাইভার উদ্ধার করেছে।
থানার উপ-পরিদর্শক আরশেদ আলী জানান, এ ঘটনায় কেউ মামলা করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24