২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের বিরুদ্ধে অভিযোগের শুনানি ৮ সেপ্টেম্বর

দুর্নীতির মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আগামী ৮ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 10:05 AM

Updated : 25 Aug 2022, 05:34 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আগামী ৮ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেছে আদালত। বুধবার দুপুরে অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন পলাশ এ তারিখ ধার্য করেন। এ সময় মাহমুদুরের পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে সেটি নাকচ করে দেয় আদালত। গত ১৫ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটিং বিভাগে এ অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. নূর আহাম্মদ। তিনি এ মামলার বাদি ও তদন্ত কর্মকর্তা। গত ১৮ জুলাই অভিযোগপত্র ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে এ আদালতে পাঠানো হয়। অভিযোগপত্রে ১০ জনকে সাক্ষী করা হয়েছে। ১৩ জুন গুলশান থানায় মামলাটি করা হয়। এ মামলায় গত ১৫ জুলাই মাহমুদুরের জামিন আবেদন নাকচ হয়। সাবেক জ্বালানী উপদেষ্টা কারাবন্দি মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১৯ এপ্রিল দুদক তাকে সম্পদের হিসাব দাখিলের জন্য চিঠি দেয়। কিন্তু তিনি নোটিশ পাওয়ার আগেই ১২ এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেন। মামলায় ওই নোটিশের কার্যকারিতার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও চাওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/কেএমএস/১৫৫৫ ঘ.