ব্রাক্ষণবাড়িয়া, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোড মোড়ে মঙ্গলবারের সংঘর্ষের জের ধরে বুধবার সকালে তিন গ্রামের লোকের মধ্যে প্রায় আড়াই ঘন্টা সংঘর্ষ হয়।
সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। এরপর কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দু'পাশে কয়েক শ' যানবাহন আটকা পড়ে।
দুপুর দেড়টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
চাঁদা তোলাকে কেন্দ্র করে মঙ্গলবার সদর উপজেলার খাটিহাতা গ্রামের সিএনজিচালিত টেম্পোচালক মনু মিয়ার সঙ্গে মালিহাতা গ্রামের গোলাপ মিয়ার মারামারি হয়।
এ ঘটনার জের ধরে ওইদিন বেলা ৩টার দিকে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশের ওসিসহ অন্তত একশ' জন আহত হয়।
সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) সঞ্চয় সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আটক করা হয়েছে ১০ জন দাঙ্গাবাজকে। "
তিনি জানান, সংঘর্ষ থামাতে ১০ রাউন্ড শর্টগানের গুলি এবং ২০ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় বুধবার দুপুরে অজ্ঞাত ২৫০/৩০০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪২০ ঘ.
bdnews24