ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি শৌচাগারে মঙ্গলবার রাতে এক বৃদ্ধার গলিত লাশ পাওয়া গেছে।
ফিরোজা বেগম (৫৫) নামের ওই মহিলা গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগণ্ডার গ্রামে।
কিন্তু পুলিশ বলছে, মঙ্গলবার রাতেই শৌচাগারে গিয়ে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, রাত ৮টার দিকে পচা গন্ধের উৎস খুঁজতে গিয়ে শৌচাগারে তার লাশ পাওয়া যায়। কিন্তু শৌচাগারটি ভেতর থেকে বন্ধ থাকায় দরজার উপর দিয়ে ভেতরে ঢুকে পুলিশ লাশ উদ্ধার করে।
ফিরোজার বড় ছেলে মো. শাহজাহান এসে লাশ শনাক্ত করেন।
তিনি জানান, গত শুক্রবার ফিরোজা বেগম নাতি মাসুমকে (৬) নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে নাতিকে ভর্তি করান। ওইরাতেই শৌচাগারে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেননি।
ওই ওয়ার্ডের শৌচাগারেও তাকে খোঁজা হয়। কিন্তু ৯ নম্বর ওয়ার্ডের শৌচাগারের দরজা বন্ধ দেখে কেউ আর ভেতরে দেখেনি।
খোঁজাখুজি করে না পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালের দেওয়ালে তাদের মোবাইল ফোন নম্বর সম্বলিত কয়েকটি নিখোঁজ সংবাদ দিয়ে চলে যান।
ওই ঘটনায় গত শনিবার শাহবাগ থানায় একটি জিডি (নম্বর ১৪৬৬) করে পরিবারের লোকজন।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাতে বাথরুমে গিয়ে মহিলা মারা যান।"
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/ডিডি/০০৪৬ ঘ.
bdnews24