বাংলাদেশ/আদার টপ
বিএন-
ব্রাহ্মণবাড়িয়া-সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদা তোলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষে পুলিশের ওসিসহ অন্তত একশ' জন আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। এতে তীব্র যানজট লেগে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দুটি গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি হামিদুল ইসলাম সাংবাদিকদের জানান, চাঁদা তোলাকে কেন্দ্র করে খাটিহাতা গ্রামের সিএনজিচালিত টেম্পোচালক মনু মিয়ার সঙ্গে মালিহাতা গ্রামের গোলাপ মিয়ার মারামারি হয়।
এ ঘটনার জের ধরে দুপুর ৩টার দিকে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। কয়েক হাজার লোক দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
সংঘর্ষ চলাকালে বিশ্বরোড মোড়সহ আশপাশের রাস্তা রণক্ষেত্রে পরিণত হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কুমিল্লা-সিলেট মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশকে লাঠিপেটার পাশাপাশি আট রাউন্ড কাঁদানে গ্যাস শেল ও চার রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করতে হয়।
সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সংঘর্ষে তিনিসহ অন্তত একশ' জন আহত হন বলে ওসি জানান।
আহতদের মধ্যে মন্টু মিয়া (৩৫), আবু চাঁন (৪৫), মওদুদ হোসেন (২৫), হেলাল (২৫), জাহাঙ্গীর (২৫), জাকির (১৮), হোসেন মিয়া (২০), নোয়াব মিয়া (৩৭), সোহেল (২৪), আজহার মিয়া (২১), খোরশেদ মিয়াকে (৩৫) বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাকিদের নাম জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপারিনটেনডেন্ট মোখলেছুর রহমান ঘটনাস্থলে যান।
ওসি হামিদুল জানান, সংঘর্ষের ঘটনায় দুই গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৮ জনকে আটক করেছে। এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24