নরসিংদী, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
এ নিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির ৬টি ইউনিটের মধ্যে ৩টি বন্ধ রয়েছে।
মঙ্গলবার ভোরে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২১০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী তমাল চক্রবর্তী।
তিনি সাংবাদিকদের জানান, কেন্দ্রের ৩ নম্বর ইউনিটটির রক্ষণাবেক্ষণ কাজ জরুরি হয়ে পড়া সত্বেও বিশ্বকাপ ফুটবলের কারণে তখন করা যায়নি।
রমজান মাসের বিদ্যুতের চাহিদাকে সামনে রেখে ইউনিটটির রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হয়েছে।
প্রকৌশলী জানান, ইউনিটটি দশদিন বন্ধ রাখার নির্দেশ পাওয়া গেছে। রমজান শুরু হওয়ার আগেই আবার উৎপাদন শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.
bdnews24