২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী

বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী আনিসুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 02:08 PM

Updated : 25 Aug 2022, 05:29 PM

যশোর, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী আনিসুর রহমান। মঙ্গলবার দুপুরে যশোর সার্কিট হাউসে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এখানকার ভাল কাজগুলো পশ্চিমবঙ্গে রূপায়ণের চেষ্টা করা হবে। গ্রাম উন্নয়নের অভিজ্ঞতা বিনিময় করতে এক সপ্তাহের সফরে তিনি বাংলাদেশে এসেছেন বলে সভায় জানান। মতবিনিময় সভায় আনিসুর রহমান বলেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত শুধু গ্রামের সরকার নয়, এটি গ্রামের গরীব মানুষের সরকার। বর্তমানে ভারতের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় শ্লোগান হচ্ছে- সব কাজে মানুষের অংশগ্রহণ। বেনাপোল হয়ে তিনি যশোর পৌঁছেন। তার সফরসঙ্গী রয়েছেন একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিলীপ কুমার পাল। দুপুরে যশোর সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা প্রশাসক নূরুল আমীন, পুলিশ সুপারিনটেনডেন্ট দিদার আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা আনিসুর রহমানকে স্বাগত জানান। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাত করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে তিনি পশ্চিমবঙ্গ সরকারের সৌজন্য উপহার হস্তান্তর করবেন বলে সভায় জানান। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থাপনা বিষয়ে জানার জন্য তিনি স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাত করবেন। পরিদর্শন করবেন গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ও বার্ড'র কার্যক্রম। তিনি কক্সবাজারসহ কয়েকটি জেলায় গ্রামের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম প্রত্যক্ষ করবেন বলেও জানান। বিকালে তিনি ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৯ ঘ.