ঢাকা, আগষ্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনার বিষ্ফোরক মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়িয়েছে আদালত।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দের চাওয়া ৪ মাসের সময় আবেদনের শুনানি গ্রহন করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হেসেন ২ মাস মঞ্জুর করেন।
সে অনুযায়ী এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন রাখা হয়েছে আগামি ৩ আক্টোবর।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে এ মামলায় ৫ বার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।
২০০৪ সালের ২১ আগষ্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দলের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন অনেকে। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়। পরে হত্যা, হত্যা চেষ্টা এবং বিষ্ফোরক দ্রব্য আইনে মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্র দাখিলের পর দুই মামলা হিসাবে বিচার শুরু হয়। পরে দুই মামলায়ই অধিকতর তদন্তের আবেদন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১১২৭ ঘ.
bdnews24