ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির এইচ এম গোলাম রেজার তথ্য গোপন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) করার কিছুই নেই।
মনোনয়নপত্র বাছাই ও পরবর্তীতে এ বিষয়ে ইসিতে কোনো আপত্তি কিংবা আপিল না করায় কোনো ব্যবস্থা নিচ্ছে না কমিশন।
হলফনামায় গোলাম রেজার শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়ন বিষয়ে ইসি এ সিদ্ধান্ত নেয়।
সোমবার ইসি সচিবালয়ের নির্বাচন কর্মকর্তা (আইন-১) মো. নাজমুল কবীর এক চিঠিতে অভিযোগকারীর আইনজীবীকে তা অবহিত করেন।
বিকালে বিশেষ পত্রবাহক মারফত ইসির এই চিঠি পাঠানো হয়।
নাজমুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হলফনামায় তথ্য গোপনের অভিযোগে গোলাম রেজার সদস্যপদ বাতিল হওয়ার কোনো সুযোগ রইল না।
গত বছর সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জি এম শফিউল আযম লেনিন সাংসদ রেজার বিরুদ্ধে এই তথ্য গোপনের অভিযোগ করেন।
লেলিনের পক্ষে তার আইনজীবী এ কিউ এম সোহেল রানা ২০০৯ সালের ১১ মার্চ ইসির কাছে নোটিশ ডিমান্ডিং জাস্টিস-এর চিঠি দেন।
চিঠির পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৭ অক্টোবর কমিশনের সভায় বলা হয়- গোলাম রেজার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করার সময় কোনো আপত্তি উত্থাপন করা হয়নি। গ্রহণ করার পর কোনো আপিলও করা হয়নি।
এ অবস্থায় শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন সংক্রান্ত অভিযোগের বিষয়ে ইসির কিছুই করার নেই।
এরপর হাইকোর্টে রিট করলে গত ২০ এপ্রিল রুল জারি না করে অভিযোগকারীর আইনজীবীকে ইসির সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার আদেশ দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/০০০৮ ঘ.
bdnews24