ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ছয় বছরে দেশের এক হাজার ৩১১ জন নারী ও শিশু পাচারের শিকার হয়েছে। এরমধ্যে ৭৩০ জন নারী ও ৫৮১ জন শিশু পাচার রয়েছে। উদ্ধার ও পুনর্বাসন করা হয়েছে ৫৪৪ জন নারী ও ৪৫৫ জন শিশুকে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-অপরাধ) মো. শাহ আলম সোমবার এক সেমিনারে এ তথ্য দেন।
তবে পুলিশের দেওয়া এ তথ্যের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন মানব পাচার প্রতিরোধে কর্মরত সংগঠন এসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) নির্বাহী পরিচালক সালিমা সারোয়ার। তার মতে, পাচার হওয়া মানুষের প্রকৃত সংখ্যা পুলিশের রেকর্ডের চেয়েও কয়েকগুণ বেশি হবে।
সোমবার রাজধানীর একটি হোটেলে 'ন্যাশনাল লেভেল শেয়ারিং ফর এডাপশন অফ কমপ্রিহেনসিভ ল এগেইনষ্ট ট্র্যাফিকিং পারসন' শীর্ষক এ সেমিনারের আয়োজন কওে এসিডি। উইনরক ইন্টারন্যাশনাল ও ইউএসএইড'র এতে সহযোগিতা করে।
সেমিনারের বক্তারা আইনী সংজ্ঞা ও প্রয়োগের অপ্রতুলতার সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে উদ্যোগের অভাবে মানব পাচার বাড়ছে বলে মন্তব্য করেন।
তারা বলেন, কর্মসংস্থানের প্রলোভন দিয়ে প্রতিনিয়তই বিশ্বের বিভিন্ন দেশে মানব পাচার হচ্ছে। এসব মানুষের অধিকাংশই ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে।
দ্রুত নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত-২০০৩) সংস্কার, সংযোজন ও বিয়োজন না হলে মানব পাচারের এ প্রবণতা কমানো যাবে না।
পুলিশের সহকারী মহাপরিদর্শক মো. শাহ আলম সরকারের কার্যক্রম তুলে ধরে বলেন, "আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদক্ষেপে মানব পাচার কমতে শুরু করেছে। অন্য বছরের তুলনায় এ বছর প্রথম সাত মাসে মানব পাচার কমেছে।"
নারী ও শিশু পাচারের চিত্র তুলে ধরে তিনি জানান, ২০০৪ সালের জুন থেকে ২০১০ সালের ২৯ জুলাই পর্যন্ত ৭৩০ জন নারী পাচারের শিকার হয়েছেন। এরমধ্যে উদ্ধার হয়েছে ৫৪৪ জন। উদ্ধার হওয়াদের মধ্যে ৫৪২ জনকে পরিবারের কাছে এবং দুইজনকে এনজিও ও সরকারি সেফ হোমে রাখা হয়েছে।
নারী পাচারের এসব ঘটনায় ৪৮৯টি মামলায় এক হাজার ৫১৯ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে ৭৮৮ জনকে।
এই সময়ে ৫৮১ জন শিশু পাচারের শিকার হয়েছে। এরমধ্যে উদ্ধার হয়েছে ৪৫৫ জন। এদের মধ্যে ৪৫৪ জনকে পরিবারের কাছে হস্তান্তর ও একজনকে সরকারি সেফ হোমে রাখা হয়েছে।
পাচারের এসব ঘটনায় ৩০১টি মামলায় এক হাজার একজনকে আসামি করা হয়েছে। এরমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে ৬১৩ জনকে।
নারী ও শিশু পাচারের ছয়টি ঘটনায় সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এদিকে এসিডি'র নির্বাহী পরিচালক সালিমা সারোয়ার বলেন, "মানব পাচার কমেনি বরং দিন দিন বাড়ছেই। বর্তমানে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জসহ সীমান্ত এলাকা পাচারকারীদের নিরাপদ রুট। পাচারকারিরা প্রতিনিয়তই কৌশল পরিবর্তন করছে। অতীতে পাচারের শিকার হওয়া নারীরা এখন পাচারকারীর দলে যোগ দিচ্ছে।"
তিনি এ প্রসঙ্গে আরো জানান, দুই বছর আগে পাচার হওয়া দরিদ্র পরিবারের মেয়েরা উন্নত পোশাকে ফিরে আসছে। এদের দেখে গ্রামের অন্য মেয়েরা স্বেচ্ছায় বিদেশে যেতে আগ্রহী হচ্ছে। তারা জানতেও পারছে না তাকে যৌনপল্লীতে থাকতে বাধ্য করা হবে।
জাতীয় মহিলা আইনজীবি সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, "নদী ভাঙ্গন, দারিদ্র পীড়িত ও আর্থ-সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ নারীরা সুখের আশায় বিদেশে যেতে আগ্রহী হচ্ছে। বিদেশে যাওয়া নারীদের করুণ পরিণতির ভয়াবহ চিত্র তুলে ধরার মাধ্যমে যা দ্রুত রোধ করা প্রয়োজন।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কামাল উদ্দিন আহম্মেদ বলেন, "সরকার মানব পাচার বন্ধে আন্তরিক। এজন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা মানব পাচারের কারণ, বন্ধে করণীয় নির্ধারণ, আইনের প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজনের বিষয়ে কাজ করছে। এটি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।"
সেমিনারে আরো বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বিকাশ কিশোর দাস ও ইউএসএইড'র ভারপ্রাপ্ত মিশন ডিরেক্টর ডেনিস শারমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/১৯৫৯ঘ.
bdnews24