মুন্সীগঞ্জ, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মা ও মেয়ে আত্মহত্যা করেছে বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছে।
এরা হলেন- উপজেলার ইয়াপুরা গ্রামের মনিকা ভাওয়াল (৩৪) ও তার প্রতিবন্ধী মেয়ে মাধুরী ভাওয়াল (১৬)।
সোমবার সকালে পুলিশ তাদের বাড়ি থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. সাইফুল ইসলাম জানান, ঘরের মধ্যে প্রতিবন্ধী মেয়েকে ফাঁসিতে আত্মহত্যায় সহায়তা করে পরে মনিকা নিজে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
মনিকার স্বামী মাধব ভাওয়াল জানান, মনিকার সঙ্গে রাগারাগি করে তিনি রাতে বাড়ি না এসে একটু দূরে তার দোকানে ঘুমিয়ে পড়েন। কিন্তু গভীর রাতে তিনি বাড়ি ফিরে আসেন।
ছেলে অজয় দরজা খুলে দিয়ে পাশের কক্ষে গিয়ে মা ও বোনকে ঝুলতে দেখে চিৎকার দিয়ে তাকে জড়িয়ে ধরে।
তার উপর অভিমান করে মনিকা মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে মাধব জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৫ ঘ.
bdnews24