ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- 'ইদানিং' সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তা রোধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম এবং বিসিক-এর চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের মৃত্যুর ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহন করা হয়েছে।
"প্রস্তাবে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়াও শোক-সন্তপ্ত পরিবারের সদস্য প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।"
আবুল কালাম বলেন, "এ সময় প্রধানমন্ত্রী ইদানিং সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি নিজেও লক্ষ্য করেছি অনেক চালকই ট্রাফিক আইন মানেন না। সড়ক দুর্ঘটনা রোধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিচ্ছি।"
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে আবুল কালাম আরও বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, প্রতি ৬ মাসে অন্ততঃ একবার চালকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা জরুরী। ভূয়া লাইসেন্স নিয়ে যারা গড়ি চালাচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
"বিআরটিএ-তে যদি কোনো অনিয়ম থাকে তাহলে এ ব্যপারে ব্যবস্থা নিতে হবে।"
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, রাজিয়া বেগম এবং মো. সিদ্দিকুর রহমানের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে যথাক্রমে ২০ ও ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এতে বালু উত্তোলনের নির্দেশনার পাশাপাশি ইজারা সংক্রান্ত বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৫৩৮ ঘ.
bdnews24