ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয় পর্যায়ের ব্যবসা শিক্ষা অনুষদের র্শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে 'অভিজ্ঞতা' শীর্ষক এক কার্যক্রমের সূচনা করতে যাচ্ছে নকিয়া।
রোববার রাজধানীর একটি হোটেলে এ কার্যক্রম শুরুর ঘোষণা দেন নকিয়া ইমার্জিং এশিয়ার হেড অব মার্কেটিং নওফেল আনোয়ার।
এ কার্যক্রমের আওতায় দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কর্মশালার আয়োজন করা হবে বলে জানান নওফেল আনোয়ার।
তিনি বলেন, এসব কর্মশালায় দেশের কর্পোরেট দুনিয়ায় প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় হবে।
প্রথম ধাপে আগামী আট ও নয় আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কর্মশালা হবে।
এরপর আগস্ট মাসের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কর্মশালা হবে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে কেস স্টাডি করতে হবে। দুই ধাপের কেস স্টাডির প্রথম ধাপে অন্তঃবিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় ধাপে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা হবে। অন্তঃবিশ্ববিদ্যালয়ে দলগত এবং আন্তঃবিশ্ববিদ্যালয়ে একক কেস স্টাডি করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
আন্তঃবিশ্ববিদ্যালয়ে বিজয়ী সেরা পাঁচ শিক্ষার্থীকে পাঁচটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আব্বাস আলী খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইসফাক এলাহী চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৪ ঘ.
bdnews24