ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গার্মেন্টস শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গ্রেপ্তারকৃত শ্রমিকদের অবিলম্বে মুক্তিসহ চার দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
রোববার এক সংবাদ সম্মেলনে বাম মোর্চার সমন্বয়ক আব্দুস সালাম এসব দাবি জানান।
অন্য দাবিগুলো হচ্ছে- পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা পুনঃনির্ধারণ করে মুজরি কাঠামো আগস্ট থেকে কার্যকর করা।
আব্দুস সালাম সরকারের 'দমননীতির' সমালোচনা করে বলেন, ''দমন-পীড়ন-গ্রেপ্তার করে এই শিল্পে স্থিতিশীলতা আনা যাবে না। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। ''
শ্রমিকদের উত্থাপিত ৫ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি সমর্থন করে বাম গণতান্ত্রিক মোর্চা নেতৃবৃন্দ অভিযোগ করেন, শ্রমিকদের ওই দাবি না মেনে সরকার একতরফা ন্যূনতম মজুরি নির্ধারণ করে স্পষ্টত মালিকদের পক্ষ নিয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরো অভিযোগ করেন, শ্রমিক নেতা মন্টু ঘোষকে গ্রেপ্তার করা ছাড়াও সাদা পোশাক পরিহিত পুলিশ সদস্যরা বাম মোর্চার নেতা খালেকুজ্জামান ভূঁইয়া ও মোশরেফা মিশুকে হুমকি দিয়েছে।
রাজধানীর তোপখানা রোড়ে সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে অন্যান্যের মধ্যে টিপু বিশ্বাস, সাইফুল হক, রাজেকুজ্জামান রতন, জোনায়েদ সাকি, নজরুল ইসলাম, বাবুল বিশ্বাস, হামিদুল হক, মহিনুউদ্দিন চৌধুরী লিটন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24