ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগে রোববার এক তরুণ আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।
তানভীর হায়দার মুন্না (৩৪) নামের ওই তরুণ সেগুনবাগিচায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক পদে চাকরি করতেন।
তানভীরের ভাই জুলফিকার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাসার বাথরুমে ঢুকে তানভীর দীর্ঘ সময় পরও বের না হলে বাসার লোকজন দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানান, তিনি মৃত।
তার ভাই আরো জানান, বেশ কিছুদিন ধরে অফিসের সমস্যার কারণে তানভীর বেশ চিন্তিত ছিলেন। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, দেড় বছর আগে একমাত্র মেয়ের মৃত্যুর পর থেকে তানভীর মানসিকভাবে ভেঙে পড়েন। এর জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/ডিডি/২১৪০ ঘ.
bdnews24