গাইবান্ধা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
উপজেলার কিশামত হামিদ গ্রামে জমি নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসায় সাক্ষী দেওয়ায় শনিবার দিবাগত রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত শিক্ষক হলেন- আহম্মদ আলী (৫৮)। তিনি কিশামত হামিদ গ্রামের টুনকু বেপারীর ছেলে। একই গ্রামের বে-সরকারি (রেজি:) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি।
রোববার নিহতের ছেলে আবুল কালাম আজাদ বাদি হয়ে ১৭ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন শেখ সাংবাদিকদের জানান, জমি নিয়ে কিশামত হামিদ গ্রামের বিপিন চন্দ্রের সঙ্গে একই গ্রামের কালিয়া চন্দ্রের বিরোধ মীমাংসার জন্য শনিবার বিকালে সালিশ বৈঠক হয়।
গ্রামবাসীর বরাত দিয়ে এসআই জানান, বৈঠকে আহম্মদ আলী সাক্ষ্য দেন বিপিন চন্দ্রের পক্ষে। বৈঠক শেষে রাতে বাড়ি ফেরার পথে কালিয়া চন্দ্রের লোকজন আহম্মদ আলীকে আটক করে মারধর করে।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে আহম্মদ আলীর মৃত্যু হয়।
তদন্ত কর্মকর্তা জানান, আহম্মদ আলীর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৯ ঘ.
bdnews24