২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকুল, শাহ মোয়াজ্জেমকে গ্রেপ্তার না করার নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 05:20 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিঞা ও সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন। রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ রফিকুল ও শাহ মোয়াজ্জেমের দায়ের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। গত ২৬ জুলাই মানিকগঞ্জের বিচারিক হাকিম আদালতে সিঙ্গাইর উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মাজেম মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেয়। আদালত সংক্ষিপ্ত শুনানি গ্রহণ শেষে মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালত মামলাটি আমলে না নেওয়া পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেয়। মামলায় অভিযোগ করা হয়, গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির প্রতিবাদ সমাবেশে আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন। রফিকুল ও শাহ মোয়াজ্জেমের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এসএএ/এইচএ/১৮৩৯ঘ.