২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজিয়া বেগম স্মরণে শোকসভা

সড়ক দুর্ঘটনায় নিহত সচিব রাজিয়া বেগমের স্মরণে রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক শোকসভার আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 05:20 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় নিহত সচিব রাজিয়া বেগমের স্মরণে রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক শোকসভার আয়োজন করা হয়। এছাড়াও মন্ত্রণালয়ের সভা কক্ষ, শিশু একাডেমী ও মহিলা বিষয়ক অধিদপ্তরে রাজিয়া বেগমের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গোপালগঞ্জ যাওয়ার পথে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন রাজিয়া বেগমসহ দুই সচিব। নিহত অপরজন হলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান। শোক সভায় অংশ নিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমীন চৌধুরী বলেন, "রাজিয়া বেগম ছিলেন একজন দক্ষ ও নির্ভরশীল কর্মকর্তা। আমি সববিষয়ে তাঁর উপর নির্ভর করতে পেরেছি। নারী ও শিশুর উন্নয়নে তিনি খুব আন্তরিক ছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারতেন।" মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, "এই মন্ত্রণালয়ে যে কর্ম উদ্দীপনা সৃষ্টি হয়েছিল সচিবের মৃত্যুতে এর কিছুটা ছন্দপতন হলো।" মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমানের সভাপতিত্বে শোকসভায় যুগ্ম-সচিব (প্রশাসন) আ.ই.ম গোলাম কিবরিয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ এবং উপসচিব আবুল হোসেন ও বদরুন নেছাও বক্তব্য রাখেন। শোকসভা শেষে রাজিয়া বেগমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/১৮২৫ঘ.