২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুলিশ সতর্ক

গাজীপুরে পোষাক কারখানায় বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে পুলিশকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 11:35 AM

Updated : 25 Aug 2022, 05:16 PM

গাজীপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরে পোষাক কারখানায় বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে পুলিশকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। শনিবার সকাল থেকে ২০টি ভ্রাম্যমান দলে ভাগ হয়ে পুলিশ জেলার বিভিন্ন স্থানের কারখানা এলাকা পর্যবেক্ষণ করছে। এসব দলে ৫জন ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছে। অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করে নিুতম মজুরি বোর্ড। এরপর বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে শ্রমিকদের তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ধরা হয়েছে। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা। তবে ঘোষণার পর নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে তিনটি শ্রমিক সংগঠন কাঠামো পুনর্বিবেচনার দাবি জানায়। প্রতিবাদে রাজধানীর কয়েকটি এলাকাসহ সাভারের আশুলিয়া ও নারায়ণগঞ্জে বিক্ষুব্ধ হয়ে ওঠে পোশাক শ্রমিকরা। গাজীপুরেও এ ধরনের ঘটনা ঘটতে পারে-এমন আশঙ্কায় পুলিশকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। তবে জেলার গার্মেন্টস ও শ্রমিক সংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা ও সরঞ্জাম কম রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় এক হাজার পোষাক কারখানাসহ জেলায় মোট দুই হাজারের বেশি কারখানা রয়েছে। পোষাক কারখানার ২১ লাখসহ জেলায় সবমিলিয়ে শ্রমিক সংখ্যা ২৫ লাখ। তিনি বলেন, "প্রায় অর্ধকোটি মানুষের গাজীপুরকে বিশেষ শ্রেণীর জেলা ঘোষণা করা হলেও এখানে অফিস স্টাফসহ পুলিশে জনবল রয়েছে মাত্র এক হাজারের মতো। এই সংখ্যা একটি ৩য় শ্রেণীর জেলার চেয়েও কম। আর গাড়ি রয়েছে সবমিলিয়ে ৭৪টি।" মিজানুর রহমান অভিযোগ করেন, কর্তৃপক্ষের কাছে বার বার পুলিশ ও গাড়ি বাড়ানোর প্রস্তাব পাঠানোর পরও তা হয়নি। জেলা পুলিশ লাইনে বর্তমানে স্পেশাল আর্মড পুলিশের সংখ্যা ৩৪৫ জন থাকার কথা থাকলেও, রয়েছে ২৭৪ জন। আবার এদের মধ্য থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, ট্রাফিক, অস্ত্রাগার, ট্রেজারীসহ বিভিন্ন স্থাপনায় দায়িত্ব দেওয়ার পর মাত্র ৪৫জন অবশিষ্ট রয়েছে। যা দিয়ে পোষাক কারখানাসহ বিভিন্ন স্থানে সহিংসতা সামাল দেওয়া প্রায় অসম্ভব বলেই মনে করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানান, বর্তমান অবস্থা বিবেচনায় অন্য জেলা থেকে ১০০ জন রেঞ্জ রিজার্ভ ফোর্স এবং ৩ শতাধিক আর্মড ব্যাটেলিয়ন পুলিশ আনা হয়েছে। এছাড়া ঘাটতি সামাল দিতে বিভিন্ন অফিসের দায়িত্বে থাকা কনস্টেবলরাও তাদের সঙ্গে কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৭২০ঘ.