২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় পোশাক শ্রমিকদের ১ ঘন্টা সড়ক অবরোধ

ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণা করা ও তা ১ আগস্ট থেকে কার্যকর করাসহ বিভিন্ন দাবিতে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় পোশাক শ্রমিকরা শনিবার ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 07:39 AM

Updated : 25 Aug 2022, 05:17 PM

নারায়ণগঞ্জ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণা করা ও তা ১ আগস্ট থেকে কার্যকর করাসহ বিভিন্ন দাবিতে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় পোশাক শ্রমিকরা শনিবার ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড অবরোধ করে। শনিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা অবরোধ ও বিক্ষোভকালে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। দুপুর ১২টার দিকে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান শ্রমিকদের দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এদিকে পোশাক শিল্প প্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ফতুল্লার শিল্পাঞ্চল বিসিক, কাঁচপুর, রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবকে টহল দিতে দেখা গেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, ন্যূনতম মজুরী ৫ হাজার টাকা ঘোষণার দাবিতে এবং সিপিবি সমর্থিত গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত পোশাক শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক (সংযোগ) রোড ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অবরোধ করে রাখে। শ্রমিকরা এসময় বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ওসি জানান, ফতুল্লার কাঠেরপুল, সস্তাপুর, শিবু মার্কেট, কুতুবপুর পোষ্ট অফিস রোড এলাকার বিভিন্ন পোশাক কারখানার ১০/১২ হাজার শ্রমিক কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে আসে। দুপুর ১২টার দিয়ে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান শ্রমিকদের দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। সিপিবি সমর্থিত গার্মেন্টস ট্রেড ইউয়িন কেন্দ্রের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা সিপিবি সভাপতি মন্টু ঘোষের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত পৌনে ৩ টার দিকে সাদা পোষাকে অস্ত্রধারী লোকজন ঢাকা ডিবি পুলিশ পরিচয় দিয়ে দিকে শহরের পালপাড়ার বাসা থেকে মন্টু ঘোষকে ধরে নিয়ে যায়। অন্যদিকে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও নারায়ণগঞ্জ জেলা বাসদ সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল জানান, তাকে ধরতে শনিবার ভোরে সাদা পোষাকে অস্ত্রধারী লোকজন শহরের গলাচিপার বাসায় এবং শহরের ২নং রেলগেইট এলাকায় বাসদ কার্যালয়ে অভিযান চালিয়েছে। এসময় তিনি কৌশলে পালাতে সক্ষম হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩২৩ ঘ.