ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরী বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে।
শুক্রবার বিকালে উপজেলার শাক্তা ইউনিয়নের হানিফ বেপারী গ্রামে এ ঘটনা ঘটে।
আঁখি (১৩) নামের ওই মেয়েটি স্থানীয় আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। সে এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।
এলাকাবাসী জানায়, দুপুরে বর মোফাজ্জল হোসেন অর্ধশতাধিক আত্মীয়-স্বজন নিয়ে কনের বাড়িতে আসেন। এলাকার লোকজন ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে জানালে তিনি পুলিশ নিয়ে এসে বিয়ে বন্ধ করেন।
পরে বর ও কনের পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুচলেকা দিয়ে রেহাই পায়।
কেরানীগঞ্জ নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেরানীগঞ্জে প্রায়ই কিশোরী বিয়ের ঘটনা ঘটে।
তিনি স্থানীয় কাজীদের ডেকে কম বয়সে বিয়ে না পড়ানোর ব্যাপারে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলইচ/ডিডি/এইচএ/২২৩১ ঘ.
bdnews24