নারায়ণগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোশাক শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাহার করে ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে একটি সংগঠন।
শুক্রবার বিকালে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা শহরের ডিআইটি এলাকার আলী আহমদ চুনকা পৌর পাঠাগারের সমানে সমাবেশ করে।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া গোল চত্বর হয়ে আবার ডিআইটি এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, পোশাক শ্রমিকদের ঘোষিত ন্যূনতম মজুরি ৩ হাজার টাকা অগ্রহণযোগ্য। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে এটা অমানবিক।
নূন্যতম মজুরি ৫ হাজার টাকা নির্ধারণে দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়া ঢাকায় শ্রমিকদের বিক্ষোভ মিছিলে 'হামলার' ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়গঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সাংগঠনিক সম্পাদক সেলিম সাহা প্রমুখ।
ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাহার ও ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ ও ভাংচুর চালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24