২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকশিগঞ্জে শিশু তামান্না হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ধুমালিপাড়া গ্রামের শিশু জেবিন নাহার তামান্না হত্যার রহস্য ৫ মাসেও উন্মোচিত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 11:58 AM

Updated : 25 Aug 2022, 05:13 PM

জামালপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ধুমালিপাড়া গ্রামের শিশু জেবিন নাহার তামান্না হত্যার রহস্য ৫ মাসেও উন্মোচিত হয়নি। চাঞ্চল্যকর এই হত্যা মামলা গোয়েন্দা পুলিশে (সিআইডি) হস্তান্তর ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে এলাকাবাসী। এ নিয়ে শুক্রবার সকালে এলাকায় বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। বকশিগঞ্জ উপজেলার ধুমালিপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, তার সাড়ে চার বছরের শিশু কন্যা তামান্নাকে গত ১১ ফেব্র"য়ারি সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ি থেকে ৫ শ গজ দূরে একটি বাঁশঝাড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তামান্নার লাশ উদ্ধারের পর হত্যার সাথে জড়িতরা এলাকায় প্রচার করে যে, তামান্নাকে জ্বীনে হত্যা করে লাশ মাটির নিচে উল্টো করে পুতে রেখেছে। এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে ১৩ ফেব্র"য়ারি বকশিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে ধুমালিপাড়ার সাইফুল ইসলাম ও তার সহযোগী মোন্নাফকে গ্রেপ্তার করে। তামান্নার বাবা জাকির হোসেন, মা শারমিন বেগম ও এলাকাবাসীরা অভিযোগ করেছেন, পুলিশ চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা পায়তারা করছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে শুক্রবার এলাকাবাসী ধুমালিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এদিকে তামান্নার বাবা-মা ও এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা বকশিগঞ্জ থানার এসআই আনোয়ার নাসিম। তিনি জানান, মামলায় কোন এজাহারভুক্ত আসামি না থাকলেও তিনিই তদন্ত করে দুই আসামিকে গ্রেপ্তার ও জবানবন্দী রেকর্ড করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৫২ ঘ.