২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় যুবক খুন, দুজনের অস্বাভাবিক মৃত্যু

মাগুরা জেলার সদর উপজেলায় শুক্রবার সকালে এক যুবক খুন হয়েছে। এছাড়া শ্রীপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 10:52 AM

Updated : 25 Aug 2022, 05:13 PM

মাগুরা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা জেলার সদর উপজেলায় শুক্রবার সকালে এক যুবক খুন হয়েছে। এছাড়া শ্রীপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার বেরইল চাঁদপুর গ্রামের রাম গোপাল দে (৩৫), শ্রীপুর উপজেলার নাকোলের বাসিন্দা সাবেক সেনা সদস্য সিরাজুল ইসলাম (৫৫) এবং একই উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা মাস্টার আব্দুল মালেক (৪৫)। সদর থানার উপপরিদর্শক এসআই মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে প্রতিবেশী বাগান বিশ্বাসের প্রথম পক্ষের স্ত্রীর ভাই বিদ্যুৎ ও তার পক্ষের লোকজনের হামলায় রাম গোপাল নিহত হন। পুলিশ কর্মকর্তা বলেন, রাম গোপালের স্বামী পরিত্যক্তা বোনের সঙ্গে বাগান বিশ্বাসের অযাচিত সম্পর্কের জের ধরে এ হামলা চালানো হয়। এদিকে বৃহস্পতিবার রাতে শ্রীপুরের নাকোলে জনৈক ভজন দত্তের বাড়িতে চুরি ঠেকাতে বসানো বৈদ্যুতিক তারে তড়িতাহত হয়ে সাবেক সেনা সদস্য সিরাজুলের মৃত্যু হয়। শ্রীপুর থানার ওসি আব্দুস সালেক জানান, ভজন দত্তের বাড়ির খড়ের গাদায় চুরি ঠেকাতে তিনি বেশ কিছুদিন ধরে সেখানে উন্মুক্ত বৈদ্যুতিক সার্কিট বসানো হয়। রাতের বেলা কোনো এক সময় প্রতিবেশী সিরাজুল ওই সার্কিটে বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ কর্মকর্তা আরো জানান, বাবার মৃত্যুশোক সইতে না পেরে একই উপজেলার রাধানগর গ্রামে বৃহস্পতিবার রাতে হার্ট অ্যাটাকে মারা যান মাস্টার আব্দুল মালেক (৪৫)। তিনি জানান, বৃহস্পতিবার সকালে মালেকের বাবা ফয়েনউদ্দিন মোল্যা মাগুরা-ফরিদপুর সড়কের বেলনগর এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন। বিকালে নিজ হাতে বাবার গোসল সম্পন্ন করে সন্ধ্যার পর বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মালেক। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এইচএ/১৬৪৯ ঘ.