ফেনী, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর সোনাগাজী উপজেলায় বৃহস্পতিবার গণপিটুনিতে এক জলদস্যু মারা গেছে।
অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে আরো চার দস্যুকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চর খোন্দকার এলাকায় বড় ফেনী নদীতে দুপুরে মাছ ধরছিলো জেলেরা।
এ সময় ১৫-২০ জন জলদস্যু অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে জাল ও মাছ লুট এবং চাঁদা আদায়ের চেষ্টা চালায়।
তবে জেলে ও আশপাশের লোকজন ধাওয়া দিয়ে পাঁচজনকে ধরে পিটুনি দেয়। বাকিরা পালিয়ে যায়।
খবর পেয়ে উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগার্ড) মীরসরাইয়ের সায়ের খালি ইউনিটের কর্মকর্তা কমান্ডার বদরুদ্দোজার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।
সোনাগাজী থানার ওসি নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, আহত অবস্থায় পাঁচজনকে পুলিশ পাহারায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে শরীফ (৩৫) নামে একজন মারা যান।
শরীফ সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলি গ্রামের শফি সারেঙের ছেলে।
আটককৃত বাকিরা হলেন- একই গ্রামের মো. হানিফের ছেলে সোহেল (২৩), তাজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৩৫), আবদুল হালিমের ছেলে আবুল কালাম (২৫) ও শফি সারেঙের আরেক ছেলে রাসেল (৩০)।
ওসি জানান, তাদের কাছ থেকে একটি শর্টগান, দুটি দেশি এলজি, ১৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সোনাগাজী থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৬ ঘ.
bdnews24